সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিয়ের গাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে নিজের বিয়ের গাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বীর মোহন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল সরদার ওই এলাকার সালাম সরদারের ছেলে। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কমলাপুরের রাজ্জাক চৌকিদারের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে রবিউলের বিয়ের দিন ধার্য ছিল। কনের বাড়িতে যেতে মাইক্রোবাস বরের বাড়ির সামনের মসজিদের পাশে রাখা হয়। পরে বর নিজের হাতে ফুল দিয়ে মাইক্রোবাসটি সাজান। সাজানোর শেষ মুহূর্তে রবিউল মসজিদের জানালার গ্রিল ধরে দাঁড়ান। কিছুক্ষণ পর বাড়ির লোক তাকে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় তার সঙ্গে কথা বললে কোনো উত্তর না পাওয়ায় বিদ্যুতায়নের বিষয়টি বুঝতে পারেন সবাই। পরে তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই বাবু সরদার বলেন, ভাইয়ের করুণ মৃত্যু মানতে পারছি না। বাবা-মা মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ। অব্যবস্থাপনার কারণেই তার ছিঁড়ে মসজিদের গ্রিলে বিদ্যুৎ সঞ্চালন হয়েছে।
ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। বিদ্যুৎ বিভাগ বা মসজিদ কমিটি অথবা নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ