মাদারীপুরে দেশীয় পাইপগান, গুলি ও ইয়াবাসহ শরিফুর রহমান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার মধ্যরাতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে মুন্সিগঞ্জের পূর্ব দেওভোগ ঝোড়পুকুরপাড়া এলাকার মো. আবেদ মোল্যার ছেলে।
বুধবার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, দীর্ঘদিন ধনে শরিফুর মাদারীপুরসহ আশে পাশের জেলায় অবৈধভাবে মাদক বিক্রি করে আসছিলো। গত মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। অভিযানে ১টি দেশীয় পাইপগান ও গুলি, ৪০টি ইয়াবার বড়ি, ১টি মোবাইল ও দুটি সীমকার্ডসহ শরিফুরকে র্যাবের সদস্যরা গ্রেপ্তার করে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আসামি একজন সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে রাজৈর থানায় দুটি মামলা করা হয়েছে। এছাড়া আসামিকে উদ্ধারকৃত আলামতসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।



0 মন্তব্যসমূহ